গোমস্তাপুর নিখোঁজ শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

গোমস্তাপুরে নিখোঁজ শরিফা খাতুন নামে ৬ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা একই উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে। এর আগে গতকাল গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরী করেন নিহত শিশুর দাদা আব্দুল করিম। তিনি জানান, গত শুক্রবার শরিফা তার দুলাভাইকে সঙ্গে নিয়ে তার জামাই রুবেলের বাড়িতে দাওয়াত খেতে যায়। দুপুরের পর তার নাতনীকে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পরে তার সন্ধান না পেয়ে অনেক খুঁজাখুঁজি করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।