গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাঙ্গাবাড়ি মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। এতে বক্তব্য দেন বাঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের নেতা ডা. আব্দুল গনি, স্থানীয় বাসিন্দা আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন এবং বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে গেছে এবং সহজলভ্য হয়ে উঠেছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এতে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তারা অভিযোগ করেন, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন এসে এখানে মাদক সেবন ও ক্রয় করছে।

এ অবস্থায় বক্তারা মাদক ব্যবসায়ীদের অবিলম্বে এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।