গয়না ও হাতে আলতায় বেশি নজর কাড়লেন বিজয়

দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে এক বর্ণাঢ্য আয়োজনে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন। অন্ধ্র এবং কোডাভা—এই দুই ঐতিহ্যবাহী রীতি মেনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে এই তারকা দম্পতিকে দক্ষিণী সংস্কৃতির চিরায়ত সাজে দেখা গেছে। বিশেষ করে তাদের গালে থাকা কালো তিল ভক্তদের নজর কেড়েছে, যা দক্ষিণী বিয়ের একটি প্রাচীন প্রথা।
অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডা আধুনিক পোশাকের পরিবর্তে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাদা ধুতি এবং লাল জমকালো উত্তরীয়। হাতে ও পায়ের আঙুলে আলতা এবং কপালে তেলুগু বিয়ের অবিচ্ছেদ্য অংশ ‘বাসিকম’ পরিহিত বিজয়ের উপস্থিতি ছিল রাজকীয়। তার এই সাজ ও গয়না দক্ষিণ ভারতীয় মহাকাব্যের বীর যোদ্ধাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিচ্ছিল।
বিজয় ও রাশমিকার এই বিয়ে কেবল দুই তারকার মিলন নয়, বরং দক্ষিণী সংস্কৃতির এক উজ্জ্বল উদযাপন হিসেবে দেখা হচ্ছে। রাজকীয় সাজসজ্জা এবং আবেগঘন মুহূর্তগুলোর মাধ্যমে এই জুটি তাদের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।

