ঈদের আপনার জন্য ‘হেয়ার স্টাইল’

ঈদের দিন আয়নার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় দ্বিধাটা শুরু হয় চুল নিয়ে-খোঁপা না বেণি? নাকি স্রেফ খোলা চুল? এবারের ঈদে সমসাময়িক ট্রেন্ড ও ধ্রুপদি সাজের মিশেলে আপনার জন্য রইল ‘হেয়ার স্টাইল গাইড’।

ধ্রুপদি মাধুর্য : ফুলে সাজা খোঁপা

শাড়ির সঙ্গে খোঁপাকে বলা হয় ‘এভারগ্রিন’ ফ্যাশন। ঈদের দাওয়াতের জন্য প্রথমেই চুল ভালোভাবে আঁচড়ে নিয়ে সিঁথির পেছনে হালকা পনিটেইল করে নিন। এবার প্রতিটি গোছ আলাদা করে ববি পিন দিয়ে আটকে একটি ভরাট খোঁপায় রূপ দিন। খোঁপা বড় দেখাতে ভিতরের দিকে উল্টো ব্রাশ করে নিতে পারেন। সাজে আভিজাত্য আনতে খোঁপায় জড়িয়ে নিন দোলনচাঁপা, জারবারা অথবা লাল গোলাপ।

আধুনিকতার ছোঁয়া : খোলা চুলে ‘বিচ ওয়েভ’

ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্টাইল হলো ‘বিচ ওয়েভ’ বা ঢেউ খেলানো চুল। এই লুক পেতে চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে কিছুটা রাফ করে নিন, এরপর টং বা কার্লিং মেশিন দিয়ে হালকা কোঁকড়া করে হাত দিয়ে ছাড়িয়ে নিন। এই এলোমেলো অথচ গোছানো ঢেউ খেলানো চুল চেহারা দেবে আভিজাত্য।

ঝটপট সাজ : টুইস্ট খোঁপা

ঈদের ব্যস্ততার মাঝে যারা দ্রুত সাজতে চান, তাদের জন্য টুইস্ট খোঁপা সেরা। কপালের সামনের চুলগুলো ফুলিয়ে পনিটেইল করুন। এরপর ধাপে ধাপে ঝুঁটি বেঁধে মাঝখান দিয়ে উল্টো করে ঘুরিয়ে নিন। এভাবে চার-পাঁচটি ধাপ শেষ করে কাঁধের কাছে সাধারণ খোঁপা করে আটকে দিন। খুব কম সময়েই পেয়ে যাবেন জমকালো এক ‘পার্টি লুক’।

ফিউশন স্টাইল : ফাংকি বেণি ও বান

ঈদের বিকালে যারা সালোয়ার কামিজ বা ফিউশন পোশাক (স্কার্ট-টপ বা পালাজ্জো) পরবেন, তারা বেছে নিতে পারেন ‘ফাংকি বেণি’। একপাশে সিঁথি করে একদিক থেকে চিকন বেণি টেনে অন্যপাশে এলোমেলো করে পেঁচিয়ে নিন। অন্যদিকে বানের চারপাশ দিয়ে পুঁতির মালা জড়িয়ে আনুন ‘রয়্যাল’ লুক। খোলা চুলে ফ্যাশন করতে চাইলে একপাশে বেণি করে বাকি চুলে কার্ল বা স্ট্রেট লুক দিতে পারেন।