ঈদুল ফিতরসহ ২৫ ও ২৬ মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঈদুল ফিতরের এবং পরে গণহত্যা দিবসের সভাসহ স্বাধীনতা দিবস উদ্যাপনে এই সভা অনুষ্ঠিত হয়।
দুটি সভাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। ঈদুল ফিতর উদ্যাপনের সভায় সিদ্ধান্ত হয়, এবার পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ কমিটি সুবিধামত সময় নির্ধারণ করে ঈদের নামাজ আদায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদগাহ মাঠগুলো এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। অন্যদিকে জাতীয় কর্মসূচির আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ১০টায় এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়াও ২৬ মার্চ প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
সভা দুটিতে আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুক্তার আলী, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, ফকিরপাড়া ঈদগাহ কমিটির সহসম্পাদক তৌফিজুর রহমান পুতুলসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ। যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান সভাপতি উজ্জ্বল কুমার ঘোষ।