আমিও রক্তমাংসের মানুষ বলেই কাঁদলেন নিশো

ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি দর্শকদের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি হৃদয়ও ছুঁয়ে গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেতা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা বেশ আলোচনা তৈরি করেছে নিশোর ভক্তমহলে। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা চেরি, প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের সেই বাস্তব চরিত্র নূর যার ভূমিকায় অভিনয় করেছেন নিশো। সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিশো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ এইটুকু বলেই তিনি স্তব্ধ হয়ে যান এবং পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন। নিশো জানান, পর্দায় চরিত্রটিকে জীবন্ত করে তোলার জন্য তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের যাপিত জীবনের কঠিন সংগ্রামের গল্প শুনেছেন। সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। পুনরায় আবেগাপ্লুত কণ্ঠে নিশো বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, সিনেমার এই শক্তিশালী গল্পই তাকে কাজটির প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন। দর্শকদের প্রতি নিশোর বিশেষ অনুরোধ, তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেন এবং নূরের বাস্তব জীবনের সংগ্রাম ও হাহাকার অনুভব করেন। সত্য ঘটনার ছোঁয়ায় নির্মিত ‘দম’ সিনেমাটি ইতোমধ্যেই আয়ের দিক থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। এটি যৌথভাবে প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।