আজ রাত পোহালেই ভোট

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের মতো মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন ভোট কেন্দ্র গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোটগ্রহণকারী কর্মকর্তারা।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য যৌথবাহিনী মাঠে কাজ শুরু করেছে। ভোট কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ সদস্যদের থাকছে বডি-ওর্ন ক্যামেরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুরিশ ও আনসার বাহিনীসহ যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলেই।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে এবার মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। এইসব ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন— জেলার সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনে অর্থাৎ ৫ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৫টি। এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’— এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে গোমস্তাপুর উপজেলায়। এ উপজেলায় মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৩২টিই গুরুত্বপূর্ণ। এছাড়াও সদর উপজেলায় ১৭২টি কেন্দ্রের মধ্যে ২৫টি, শিবগঞ্জ উপজেলার ১৫৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি, নাচোল উপজেলার ৫৭টি কেন্দ্রের ২১টি ও ভোলাহাট উপজেলার ৩৭টি কেন্দ্রের মধ্যে ১৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ও সদর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন গঠিত।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও অতিরিক্ত নজরদারি থাকবে পুলিশের।
এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদসীয় আসনে এবারের ভোটে ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়ন আনসারসহ ৬৬৯৫ জন্য সদস্য, ১৫ প্লাটুন বিজিবি, ১ হাজার ৮২ জন পুলিশ, সেনাবাহিনীর ১৭টি ও র্যাবের ৬টি টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
এবার জেলায় মোট ভোটার রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫ হাজার ৭৭২ জন ও মহিলা ভোটার ৭ লাখ ৫ হাজার ২২৪ জন। এছাড়া একজন হিজড়া ভোটার রয়েছেন।
আসনভিত্তিক ভোটারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৯২৯ জন। এছাড়া এই আসনে একজন হিজড়া ভোটার রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ১১৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৬৯০ জন। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিতরিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে।
আজ বুধবার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীসহ ভোটগ্রহণ কর্মকর্তারা পৌঁছে যাবেন।