আজ বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বহুদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটছে আজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। বিলাসবহুল এক রিসোর্টে বসছে বিয়ের আসর। পর্দার রসায়ন এবার বাস্তব জীবনের বন্ধনে রূপ নিচ্ছে। ভক্ত-অনুরাগীদের কাছে বহুলচর্চিত এই সম্পর্ক নিয়ে এতদিন ছিল নীরবতা আর লুকোচুরি। অবশেষে সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ঘোষণা দিয়ে চমক দেন তারা। ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, শুরু হয় নতুন করে আলোচনা। ‘বিরোশ’ নামটি অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই ভক্তরা ভালোবেসে রাশমিকা-বিজয় জুটিকে এই নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানান, ভক্তদের দেওয়া এই নাম তাদের কাছে বিশেষ অর্থ বহন করে। তাই বিয়ের আয়োজনে সেই নামকেই বেছে নেওয়া হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। অতিথিদের আপ্যায়নেও রাখা হয়েছে ভিন্নতার ছোঁয়া। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।