পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পহেলা বৈশাখ সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার কৃষক কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা দেশের কৃষকদের সহায়তা ও কৃষিখাতে সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন ভর্তুকি ও সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।