অস্ট্রেলিয়ায় মেয়েদের এশিয়ান কাপ শুরু

১৯৭৫ থেকে ২০২২। এই সময়ের মধ্যে ২০ বার হয়েছে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল। আয়োজক হওয়া তো দূরের কথা এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তাই এশিয়ান কাপ নিয়ে চার বছর আগেও কোনো আগ্রহ ছিল না লাল-সবুজের দলটির। কিন্তু গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের ফুটবলে বইছে অন্যরকম এক আবহ। বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পর থেকেই আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের ঘিরে নতুন স্বপ্নের জাল বোনেন ফুটবল সমর্থকরা। আসল লড়াইয়ে তাদের ফুটবল শৈলী দেখার অপেক্ষায় কোটি বাঙালি। সেই অপেক্ষা ফুরাচ্ছে মঙ্গলবার। এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে সিডনিতে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। তবে এশিয়ান কাপের সেরা ১২ দলের আসল লড়াই শুরু হচ্ছে আজ। পার্থ স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ফিলিপাইনের বিপক্ষে। মেয়েদের এশিয়ান কাপ মানেই চীনের দাপট। এখন পর্যন্ত প্রতিযোগিতায় ৯ বার শিরোপা জিতেছে তারা। তিনবার করে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও চায়নিজ তাইপে।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী চীন ও উত্তর কোরিয়া। আছে উজবেকিস্তানও। গ্রুপ ‘এ’তে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া বাকি দলগুলো হলো দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। গ্রুপ ‘সি’তে খেলবে জাপান, ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও ভারত। প্রতিটি গ্রুপের সেরা দুটি করে ছয়টি এবং সেরা দুটি তৃতীয় স্থান অর্জনকারী দলবে উঠবে কোয়ার্টার ফাইনালে। এর মধ্যে চার কোয়ার্টার ফাইনালজয়ী দল সরাসরি টিকিট কাটবে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের। বাকি চার দল খেলবে প্লে-অফে। সেখান থেকে দুটি দল উঠবে বিশ্বকাপে। গ্রুপের দিকে তাকালে বাংলাদেশের সেরা দুই দলের একটি হওয়া কঠিন। পিটার বাটলারের দলের টার্গেট উজবেকিস্তান। ৯ মার্চ পার্থে এই ম্যাচ জিতলে তৃতীয় হওয়া সেরা দুটির একটি হওয়ার সম্ভাবনা জাগবে। তাতে খুলে যাবে বিশ্বকাপের দরজা। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ সিডনিতে। তাই বেশ কয়েকদিন ধরেই সেখানে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের দলটি। আর সিডনির জুবিলি স্টেডিয়ামে আফঈদাদের নিয়ে বাড়তি মনোযোগ কোচ বাটলারের। হাতে যেহেতু সময় কম, তাই শেষ মুহূর্তের ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ। ওয়েস্টার্নের বিপক্ষে প্রীতিম্যাচের পর এখন পুরো দলকে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন বাটলার। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচের আগে শনিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে মেয়েরা। এখন লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি, ‘এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা।

কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই ট্রেনিং সেশনে যা আমাদের ভুলত্রুটি হয় সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে, তো ওইটা শোধরানোর চেষ্টা করছি আমরা। ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তো ওখানে যা ভুলত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরে দেওয়ার চেষ্টা করছেন। ‘ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল। ফিজিও ইস্যুতে শুরুতে সমস্যা ছিল বাংলাদেশ শিবিরে। নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন লিপা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে দায়িত্ব পড়েছিল জাকিয়া রহমানের কাঁধে। তিনিও অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ায় কাজ চালিয়ে যেতে পারেননি। ফিজিও ছাড়াই অস্ট্রেলিয়া এসে ঝামেলায় পড়েছিল দল। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে আশার কথা অস্ট্রেলিয়ার স্থানীয় ফিজিও ইসনাদ জামকনকে নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করেছে বাংলাদেশ।