অর্থহীনের নতুন লাইনআপ ঘোষণা

নতুন লাইনআপ-এর ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘অর্থহীন’। নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার খবর দিয়েছে দলটি। এর মধ্যে দলের আগের গিটারিস্ট শিশির আহমেদের ফেরার খবরও দিয়েছে ‘অর্থহীন’। এক ফেসবুক পোস্টে দলটির পক্ষ থেকে লেখা হয়েছে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সাথে মিশে ছিলেন। এদিকে, অর্থহীনের সঙ্গে মার্ক ডনের পথচলা ছিল এক দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্যদিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অর্থহীন ভবিষ্যতেও সেরা সব গান উপহার দেবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই এই অধ্যায় শেষ করছি। অন্যদিকে গিটারিস্ট এহতেশাম আলী মঈনের পথচলা ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। গত বছরের জানুয়ারিতে তিনি অর্থহীনে যোগ দেন। দেড় বছরের সেই যাত্রা শেষ করে তিনি বলেন, ‘আমার সংগীতযাত্রার পরবর্তী ধাপে পা দেওয়ার আগে অর্থহীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অর্থহীনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। এখন থেকে স্বাধীনভাবে সংগীতচর্চা চালিয়ে যেতে চাই। বিদায়বেলায় এই দুই সংগীতশিল্পীর প্রতি শুভকামনা জানিয়েছে অর্থহীন। এক বিবৃতিতে ব্যান্ডটি লিখেছে, ‘পরিবর্তনই ধ্রুব সত্য-বিশেষ করে এমন একটি ব্যান্ডের জন্য যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম আর বিজয়ের পথে হেঁটেছে। আজ আমরা আমাদের লাইনআপের একটি বড় পরিবর্তনের কথা আপনাদের জানাচ্ছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন- মার্ক ডন ও এহতেশাম আলী মঈন। তারা সব সময় অর্থহীনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। একই সঙ্গে নতুন সদস্য যুক্ত হওয়ার খবরও জানানো হয়েছে। ব্যান্ডটির সাবেক সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন অর্থহীনে। প্রায় ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে তিনি দলটি ছেড়েছিলেন। এবার তিনি আবার গিটার ও কি-বোর্ডসে যোগ দিচ্ছেন। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ডস ও গিটারে। আর মেকানিক্স ব্যান্ডের সদস্য রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে বাজাবেন। ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেব শিগগিরই; সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন। আমাদের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরেনি। অদ্ভুতদের জয় হোক।