অবৈধভাবে মাটি কাটার দায়ে আটক ২ : জব্দ দুটি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাটি পরিবহনের দায়ে মাটিভর্তি দুটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দিনের ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মো. হানিফ আলী (৩২)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস.আই. পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই যৌথ অভিযানটি চালানো হয়। এ ঘটনায় ডিবির এস.আই. পলাশ চন্দ্র চৌধুরী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলা প্রশাসন এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে সবসময় সজাগ রয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নিয়ে থাকি। পুলিশ নিজেরাও এ ব্যাপারে কাজ করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানও অব্যাহত রয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সবসময় সহযোগিতা করছে।